
নিউজ প্রবাসী ডেক্স :
নাটোর শহরে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন এক রংমিস্ত্রী। গুরুতর আহত অবস্থায় তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার গভীর রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৫০) স্থানীয় শাহাজ উদ্দিনের ছেলে। তার ছেলে কাউসার মাহমুদ (২৫) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে কাউসারের সঙ্গে প্রতিবেশী কয়েক যুবকের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে কাউসারের ওপর হামলা চালায়।
এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে আবুল কালামকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়।
বর্তমানে আহত কাউসার মাহমুদ একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।