
নিউজ প্রবাসী ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ইছুব মোল্যা (৩৬)। তিনি বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহত দু’জন হলেন— খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির ছেলে ফিরোজ ও আশরাফুল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব মোল্যা ও অপর দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজ ও আশরাফুল বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।