নিউজ প্রবাসী ডেক্স :

 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগের তথ্য জানায়। বর্তমানে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি বিদায়ী স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
আইরিন খান ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক, জেনিভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের শিক্ষক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরে দীর্ঘ ২১ বছর কাজ করেন। এ সময়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে সংস্থাটির মিশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুল থেকে উচ্চশিক্ষা নেওয়া আইরিন খান মানবাধিকার, আইনের শাসন, লিঙ্গসমতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে সিডনি শান্তি পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
সরকারের এ নিয়োগকে বাংলাদেশের কূটনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts