নিউজ প্রবাসী ডেক্স :

অর্থবছরের শেষ মাস জুনে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও পুরো ২০২৫-২৬ অর্থবছরের হিসাবে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ। সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ০.৫৮ শতাংশ কম এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শতাংশ কম।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার।
অর্থবছরের শেষ মাস জুনে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ৪২০ কোটি ২৭ লাখ ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.৯১ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধির কারণে সার্বিক রপ্তানি আয়ের পতন আরও বড় আকার ধারণ করেনি।
ইপিবির বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আয় কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১.৬৪ শতাংশ কম।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে চাহিদার ওঠানামা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তার কারণে রপ্তানি আয় প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে জুন মাসের শক্তিশালী প্রবৃদ্ধি আগামী অর্থবছরের জন্য ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts