
বিল্লাল হুসাইন, ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরর ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত অভিযানে আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল (প্রতিটি ২০০ লিটার) উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি শার্শা উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে এসব জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন। পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জব্দকৃত তেল নিকটস্থ ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।