নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা এগিয়ে নিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৫ থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা। পাশাপাশি পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।
সফরকালে প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশ সহজ করা এবং বিনিয়োগে বিদ্যমান বাধা দূর করার বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এদিকে, সম্প্রতি আলোচিত এই বাণিজ্য চুক্তি নিয়ে দেশে বিতর্কও সৃষ্টি হয়েছে। চুক্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে, যেখানে এটিকে দেশের স্বার্থবিরোধী বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বেশ কিছু শর্ত অন্তর্ভুক্ত থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts