নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত কেন্দ্রীয় ঈদ জামাতে ইরানের পক্ষে বিশেষ দোয়া করা হয়েছে। ঈদের নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের বিজয় কামনা করেন ইমাম।
শনিবার সকাল ৮টায় ঈদের এই জামাত আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নামাজ শেষে মোনাজাতে ইমাম আল্লাহর কাছে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বশান্তির জন্য দোয়া করেন। একই সঙ্গে সংঘাতময় পরিস্থিতিতে ইরানের জন্য শক্তি ও বিজয় প্রার্থনা করা হয়।
এই জামাতে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসল্লি অংশ নেন। উপস্থিত ছিলেন নগর প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজের জন্য প্রায় ১০ হাজার মানুষের ব্যবস্থা করা হয় এবং নারীদের জন্য আলাদা প্যান্ডেল রাখা হয়, যেখানে কয়েকশ নারী অংশ নেন।
নামাজের সময় হালকা বৃষ্টি হলেও তাতে জামাতের কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। মুসল্লিদের সুবিধার্থে স্বেচ্ছাসেবীরা জুতা রাখার জন্য পলিথিন বিতরণ করেন।
ঈদের এই জামাতে পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে দেখা যায় অনেককে। অংশগ্রহণকারীরা জানান, বড় পরিসরে একসঙ্গে নামাজ আদায় এবং মোনাজাতে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল আনন্দঘন। বিশেষ করে নারীদের জন্য আলাদা ব্যবস্থার কারণে অনেক পরিবার একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পেয়েছে।
নামাজ শেষে অনেক মুসল্লি বলেন, তারা আত্মীয়-স্বজন, দেশবাসী এবং সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় দোয়া করেছেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এমন আয়োজনকে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts