
নিউজ প্রবাসী ডেক্স :
১৯৭১ সালের ৪ এপ্রিল, সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ নতুন দিকনির্দেশনা পায়। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে প্রতিরোধ গড়ে উঠলেও, এই সম্মেলনেই প্রথমবারের মতো যুদ্ধ পরিচালনার সমন্বিত পরিকল্পনা নির্ধারণ করা হয়।
মেজর এম এ জি ওসমানীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর বিদ্রোহী কর্মকর্তারা। তারা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সম্মেলনে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলে যুদ্ধ পরিচালনার দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সমর্থন ও অস্ত্র সংগ্রহের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এই বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় পরবর্তীতে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার।
ইতিহাসবিদদের মতে, তেলিয়াপাড়ার এই সম্মেলনই পরিকল্পনাহীন প্রতিরোধকে একটি সুসংগঠিত মুক্তিযুদ্ধে রূপ দেয় এবং স্বাধীনতার সংগ্রামকে এনে দেয় সুস্পষ্ট রূপরেখা।