বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
পদ্মা সেতু চালুর পর যশোর–নড়াইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সেই সঙ্গে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এমন পরিস্থিতিতে যশোরের বাঘারপাড়া উপজেলার দাতপুর বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভে নেমেছে স্থানীয় জনগণ।
দাতপুর বাজারের আশপাশে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মন্দির অবস্থিত। ফলে প্রতিদিন শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
সম্প্রতি ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্যামল দত্ত নামের এক ব্যবসায়ী নিহত হন। আজ একই স্থানে আবারও এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত এই এলাকায় অন্তত ১৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
একটির পর একটি দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী যশোর–নড়াইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে উভয় দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দ্রুত দাতপুর বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণসহ সড়ক নিরাপত্তা জোরদার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
