নিউজ প্রবাসী ডেক্স :

দেশে হামের সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয়জনের মধ্যে ছিল এ রোগের লক্ষণ। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ২৩ জন এবং উপসর্গ নিয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে একদিনে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ১ হাজার ১৮৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৬৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালভিত্তিক তথ্য বলছে, রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ভর্তি সংখ্যা তুলনামূলক কম।
এ পর্যন্ত সারাদেশে ৮ হাজার ২৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫ হাজার ৮০১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts