
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব নিয়োগের ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান করা হয়েছে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ পদত্যাগ করেন।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক রইসউদ্দিন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. মাসুদ।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে।