নিউজ প্রবাসী ডেক্স:
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির গেটসংলগ্ন গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য দুই লাখ দশ হাজার চারশত (২,১০,৪০০) টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যার ফলে অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
