
নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি এ ঘটনাকে “নতুন নয়” উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার সকালে বিদেশে চিকিৎসাধীন অবস্থান থেকে তিনি রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে দুর্ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান। পরে সেই ফোনালাপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এমপি বলেন, দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। “এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি”—বলেন তিনি, যা এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার প্রতিফলন।
শনিবার গভীর রাতে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। দুর্ঘটনার পর বাসটিকে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেন।
এমপি অভিযোগ করেন, অতীতে এই ক্রসিং উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। ফলে বছরের পর বছর একই জায়গায় প্রাণহানি ঘটছে।
ফোনালাপে রেলমন্ত্রী দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।