
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ভিন্নধর্মী আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমি মেঘমালা ভারতের মেঘালয় পাহাড়ে বাধাপ্রাপ্ত হওয়ায় এ ধরনের বৃষ্টিপাত হতে পারে, যা এ সময়ের জন্য স্বাভাবিক।
পূর্বাভাস অনুযায়ী, নববর্ষের দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়াও থাকতে পারে।
অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার দিক থেকে সোমবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর-এ, যা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
৫ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে।