
নিজস্ব প্রতিবেদক ;
২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার হক।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে উন্নতমানের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে কৃষকরা সহজেই পাট চাষাবাদে প্রয়োজনীয় উপকরণ পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি দেশের পাট উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।