নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দপ্তরে গ্রহণ করা হয়েছে।
ইসির ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের ভোটগ্রহণ কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্য অনুযায়ী, মোট ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোট দিয়ে নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন এবার ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী। কমিশনের পক্ষ থেকে তাদের দ্রুত ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।
এবার দেশে ও বিদেশে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যার অর্ধেকেরও বেশি প্রবাসী।
এছাড়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
দেশের অভ্যন্তরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট শেষে ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট ডাকযোগে ফেরত পাঠিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো প্রতিটি পোস্টাল ব্যালটই নির্বাচনের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts