
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। চলতি মার্চ মাসের মধ্যেই সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করা হলে আগামী ১ এপ্রিল থেকে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দখল করা মালামালও জব্দ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন সড়কের পাশে থাকা দোকান, শোরুম, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের কার্যক্রম অনেক ক্ষেত্রেই ফুটপাত ও রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
বিশেষ করে রেস্তোরাঁর রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের যন্ত্রপাতি, টায়ার, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনী—এসব ফুটপাত ও রাস্তার ওপর রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি মেরামতের কাজও সড়কের একাংশ দখল করে করা হচ্ছে।
পুলিশ বলছে, এসব কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নামছেন, যা যানজট বৃদ্ধি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে দ্রুত ফুটপাত ও রাস্তা থেকে সকল মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।