নিউজ প্রবাসী ডেক্স :
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির একটি করাতি মাছ ঝালকাঠিতে বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়। বিরল এই মাছ দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
মঙ্গলবার সকালে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভিড় জমায়। দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যেও আনন্দের পরিবেশ বিরাজ করে।
জেলেদের ভাষ্য অনুযায়ী, উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাগরে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে এই বিশাল করাতি মাছটি। পরে সেটি স্থানীয় বাজারে নিয়ে আসা হলে নিলামের আয়োজন করা হয়।
নিলামে অংশ নিয়ে স্থানীয় এক আড়তদার মাছটি ক্রয় করেন। তিনি জানান, আরও বেশি দামে বিক্রির আশায় মাছটি পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নেওয়া হয়েছে, যেখানে এটি টুকরো করে বিক্রি করা হবে।
এ ধরনের বড় আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না বলে জানান স্থানীয়রা। ফলে এই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।