★নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পর ইউরোপীয় বাজারে বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি-পরবর্তী বাস্তবতায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এফটিএ নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করার জন্য ইইউ প্রস্তুত এবং এ বিষয়ে বাংলাদেশকে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা দূর, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সময়মতো এসব পদক্ষেপ সম্পন্ন হলে দুই পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইইউর উদ্বেগ ও প্রত্যাশাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাণিজ্য পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং রাষ্ট্রীয় শিল্প-কারখানার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ইউরোপীয় বাজারে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা ভোগ করছে। এলডিসি থেকে উত্তরণের পর সেই সুবিধা বজায় রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।