
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রস্তাবটি বর্তমানে রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর বিবেচনায়।
সংস্থাটি জানিয়েছে, বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব এখনও না আসায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। প্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে গণশুনানি অনুষ্ঠিত হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সবশেষ ২০২৪ সালে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে ইউনিটপ্রতি দাম ১ টাকা ২০ পয়সা থেকে প্রায় দেড় টাকা পর্যন্ত বাড়তে পারে।
সরকারি সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা—বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি—বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। এতে ভর্তুকির চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পিডিবির প্রস্তাব অনুযায়ী, তিনটি ধাপে দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে সরকারের ভর্তুকি কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।
তবে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আপাতত মূল্য বৃদ্ধি না করার প্রস্তাব রাখা হয়েছে।
এখন দেখার বিষয়, গণশুনানি শেষে বিইআরসি কোন প্রস্তাবটি অনুমোদন করে এবং তা গ্রাহক পর্যায়ে কী প্রভাব ফেলে।