
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা কমানোর লক্ষ্যে রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এতে করে বিভিন্ন দেশ নির্দিষ্ট শর্তে রুশ তেল কেনার সুযোগ পাবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সমুদ্রে থাকা তেলবাহী জাহাজে থাকা রুশ তেলের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত আপাতত আগামী ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা আনতেই এ সীমিত সময়ের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এতে রাশিয়া সরকার বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না বলেও তিনি উল্লেখ করেন।
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর তেল রপ্তানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও।
এ অবস্থায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বাজারে স্থিতিশীলতা আনতে মজুদ থেকে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে।
এশিয়ার বেশ কয়েকটি দেশ সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ইতোমধ্যে কিছু দেশ জ্বালানির ব্যবহার কমানো এবং পেট্রলের মূল্য নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।