নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের বিভিন্ন এলাকায় পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার আট সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আটককৃতদের মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক।
ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থার বরাতে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চক্রটির নেতৃত্বে ছিলেন কাশ্মীরের বাসিন্দা শাব্বির আহমেদ লোন। তাকে দিল্লির গাজীপুর এলাকা থেকে আটক করা হয়। এর আগে তিনি বাংলাদেশে আত্মগোপনে ছিলেন বলেও দাবি করা হয়েছে।
দুই মাসব্যাপী এই অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি ও তামিলনাড়ুর বিভিন্ন স্থান থেকে সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, ডেবিট-ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, বাংলাদেশি পাসপোর্ট ও বিভিন্ন উসকানিমূলক পোস্টার।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, আটক বাংলাদেশিদের মধ্যে বগুড়া, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার কয়েকজন বাসিন্দা রয়েছেন। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, এই নেটওয়ার্ক ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংগ্রহ করছিল। জিজ্ঞাসাবাদে একজন অভিযুক্ত জানান, তাকে দেশের বিভিন্ন জায়গায় ভিডিও ধারণ ও নতুন সদস্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ভারতের গোয়েন্দা সংস্থার দাবি, এই চক্রটি পাকিস্তানে অবস্থানরত লস্কর নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত এবং ভারতে ‘স্লিপার সেল’ গড়ে তোলার চেষ্টা করছিল।
এদিকে, গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত শাব্বির আহমেদ লোনকে আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে। পুরো নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts