
নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন অঞ্চলটিতে আরও প্রায় ১০ হাজার স্থলসেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ এমন সময় সামনে এলো, যখন ইরান এর সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’ বলে দাবি করা হচ্ছে। তবে বাস্তবে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সম্প্রতি আরও কিছু মেরিন ইউনিট ও ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের পাঠানো হয়েছে। এখন সেই সংখ্যার সঙ্গে অতিরিক্ত সেনা যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিতে ইরানও বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলছে। দেশটির আধাসামরিক বাহিনী বাসিজ, বিপ্লবী গার্ড এবং নিয়মিত সেনাবাহিনীর মাধ্যমে লাখো স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের স্থলযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে।