নিউজ প্রবাসী ডেক্স :

শেরপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ বছর আগে মারা যাওয়া এক আসামির ফাঁসির দণ্ড হাই কোর্টে বহাল থাকার ঘটনায় নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) কাছে নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
চিঠিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বা ডেথ রেফারেন্স বিচারাধীন থাকা অবস্থায় মারা গেলে তাৎক্ষণিকভাবে মৃত্যু সনদসহ বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সলিসিটর উইং এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে।
এছাড়া কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বর্তমান অবস্থা এবং বিচারাধীন আপিল মামলার তথ্য মিলিয়ে দ্রুত একটি অডিট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আদালতের সময় ও সরকারি অর্থের অপচয় রোধ করা যায়।
এরই মধ্যে কারা অধিদপ্তরও নতুন দাপ্তরিক নির্দেশনা জারি করেছে। এখন থেকে বিচারাধীন কোনো আসামির কারাগারে মৃত্যু হলে সেই তথ্য সংশ্লিষ্ট আদালতের পাশাপাশি সরাসরি হাই কোর্টের রেজিস্ট্রার বা সহকারী রেজিস্ট্রারকেও জানাতে হবে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ভবিষ্যতে যেন কোনো মৃত ব্যক্তির মামলায় এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts