নিজস্ব প্রতিবেদক :

যশোর শহরের মণিহার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক ওই নারীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে মাদকদ্রব্য বহনের গোপন খবর পেয়ে মণিহার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাসের লাগেজ বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়।
পরে প্যাকেটগুলো খুলে ভেতরে আরও ২৫টি ছোট প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে থাকা রাসায়নিক দ্রব্য পরীক্ষা করে দেখা যায়, এগুলো উচ্চমাত্রার নেশাজাতীয় মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল।
ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, উদ্ধার করা প্যাকেটগুলোতে মোট ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব কাঁচামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।
পুলিশের ধারণা, চট্টগ্রামের একটি কারখানায় এসব কাঁচামাল দিয়ে ‘ক্রিস্টাল আইস’ নামে উচ্চমাত্রার মাদক প্রস্তুত করা হয় এবং সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার বিকেলে আটক স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত আজমল হোসেন লাল্টুকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts