
নিউজ প্রবাসী ডেক্স :
যমুনা প্রাঙ্গণে ঈদের দিনে জনস্রোতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সেখানে দেশি-বিদেশি কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেন, একটি “প্রত্যাশিত বাংলাদেশ” গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, জনগণের সমর্থন থাকলে সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ঈদ উদযাপন। এ উপলক্ষে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘদিন পর দেশের মাটিতে জনগণের সঙ্গে ঈদ পালন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনি একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক গণআন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশবাসীর শান্তি, সুস্থতা ও ঐক্য কামনা করেন।
জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী যমুনায় এসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিচারপতি, নির্বাচন কমিশন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন যমুনায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তা কর্মীদের ভিড় সামাল দিতে বেগ পেতে হয়। অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।
ঈদের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা করেন, ভবিষ্যতেও দেশের মানুষ আরও নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে।