নিজস্ব প্রতিবেদ :

যশোর শহরের মণিহার এলাকায় অবস্থিত ঐতিহাসিক বিজয়স্তম্ভে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিন্ন এক চিত্র দেখা গেছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই স্তম্ভে থাকা জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর নামফলক গাঢ় সবুজ কাপড়ে ঢেকে রাখা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৯৭২ সালের ২৬ ডিসেম্বর উদ্বোধন হওয়া এই বিজয়স্তম্ভটি প্রতি বছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যশোরবাসীর শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দু। এবারও যথারীতি দিবসটি পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে সম্মান জানান।
তবে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা যায়, বিজয়স্তম্ভের নিচের অংশটি গাঢ় সবুজ কাপড়ে আচ্ছাদিত। সেখানে কেবল ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে’ লেখাটি দৃশ্যমান রাখা হয়। বেদির চারপাশে লাল কার্পেটও বিছানো ছিল।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, এটি নতুন কিছু নয়; আগেও এভাবে কাপড় দিয়ে ঢেকে শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি বলেন, বিজয়স্তম্ভের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে উপকমিটির তত্ত্বাবধানে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত সাদা কাপড় ব্যবহার করা হলেও এবার সবুজ কাপড় ব্যবহার করা হয়েছে। সংস্কার কাজ না হওয়ায় আপাতত এভাবেই রাখা হয়েছে এবং ভবিষ্যতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
তবে বঙ্গবন্ধুর নামফলক ঢেকে দেওয়ার ঘটনাটি অনেকের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে—যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts