নিজস্ব প্রতিবেদক :
যশোর শিক্ষা বোর্ড দেশের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে। এতে অ্যাডহক (আহ্বায়ক) কমিটির সভাপতি পদের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়েছে।
গত ২৯ মার্চ বোর্ডের চেয়ারম্যান মোসাম্মাৎ আসমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সভাপতি পদের জন্য তিনজন প্রার্থীর নাম, জীবনবৃত্তান্তসহ প্রস্তাব বোর্ডে পাঠাতে হবে। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এসব প্রস্তাব জমা দিতে হবে।
প্রস্তাবিত তালিকায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, শিক্ষাবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগীদের অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকেও প্রার্থী মনোনয়ন দেওয়া যাবে।
বোর্ড সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে তিনজনের তালিকা থেকে একজনকে চূড়ান্তভাবে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনাটি ইতোমধ্যে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে