
যশোর প্রতিনিধি:
“জ্ঞানেই মুক্তি, জ্ঞানেই আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যশোর জেলা সরকারি গ্রন্থাগারের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সালাউদ্দিন।
জেলা গ্রন্থাগারের অফিস সহকারী রাসেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, গবেষক ও লেখক বেনজিন খান। স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের উদ্যোক্তা কবি ও সাংবাদিক মামুন আজাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা গণগ্রন্থাগারের কম্পিউটার অপারেটর শাহাবুদ্দিন, সমতা গণগ্রন্থাগারের সভাপতি শ্যামল দত্তসহ বিভিন্ন শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যশোর জেলা স্কুলের শিক্ষার্থী রূপনীল রুদ্র। বই পাঠ প্রতিযোগিতায় প্রথম হন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী কাজী মেহেজাবীন নীলিমা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হন সাবিকুন্নহার, ‘খ’ গ্রুপে জুনাইনা আক্তার এবং ‘গ’ গ্রুপে সেজুতি বিশ্বাস। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হন রুফফা নূর জাইয়ান এবং ‘খ’ গ্রুপে প্রথম হন দ্বীপান্বিতা রায়।
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।