
নিউজ প্রবাসী ডেক্স :
লেবানন-এ এবারের ঈদুল ফিতর আনন্দের বদলে নিয়ে এসেছে বেদনার ছাপ। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে দেশটির মানুষের কাছে উৎসবের আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে।
বিশেষ করে রাজধানী বৈরুত-এ ঈদের দিন ভারি বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। দুর্বল উপকরণে তৈরি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারো মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েন। অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা যানবাহনের ভেতরে আশ্রয় নিয়ে ঈদের দিন পার করেন।
চলমান ইরান-ইসরায়েল সংঘাত এর প্রভাবে লেবাননে সহিংসতা বেড়ে গেছে। ইসরায়েলি হামলায় ইতোমধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।
ঈদের দিনেও আকাশে যুদ্ধবিমানের গর্জন থামেনি। বৈরুতের আকাশে উচ্চগতির যুদ্ধবিমান উড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরজুড়ে। অনেকেই নতুন হামলার আশঙ্কায় ভীত হয়ে পড়েন।
এদিকে, শহরের কিছু আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা শিশুদের জন্য গান, বেলুন ও খাবারের আয়োজন করে কিছুটা আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে প্রিয়জন হারানোর বেদনায় অনেকের কাছেই ঈদের আনন্দ ফিরে আসেনি।
বাস্তুচ্যুত এক নারী জানান, আগে ঈদ মানেই ছিল পরিবার, নতুন পোশাক ও আনন্দ। এখন তাঁবু বা বাসে আশ্রয় নিয়ে সেই স্মৃতিগুলো যেন অন্য জীবনের গল্প মনে হয়।
দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মানুষ ঈদের নামাজ শেষে নীরবে কবর জিয়ারতে যান। আনন্দের পরিবর্তে শোক আর অনিশ্চয়তাই এখন তাদের নিত্যসঙ্গী।