নিউজ প্রবাসী ডেক্স :
দেশে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা সাড়ে ৪১ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারায় অনেক করদাতা সময় বাড়ানোর আবেদন করছেন।
রোববার এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, অনলাইনে রিটার্ন দাখিল ও সময় বৃদ্ধির আবেদন—দুই ক্ষেত্রেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সংস্থাটি জানায়, ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে (কিছু ব্যতিক্রম ছাড়া)। ইতোমধ্যে ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ ৫০ হাজার করদাতা অনলাইনে তাদের রিটার্ন জমা দিয়েছেন।
এ বছর কয়েক দফা সময় বাড়ানোর পর রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। তবে করদাতারা চাইলে অতিরিক্ত ৯০ দিন সময় পাওয়ার জন্য আবেদন করতে পারছেন, যার কারণে আবেদন সংখ্যা বাড়ছে।
এনবিআর জানায়, গত কয়েক দিনে ৫ হাজারের বেশি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং অধিকাংশ আবেদন অনলাইনেই অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর অঞ্চলের কমিশনাররা এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করছেন।
করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ অপশনের মাধ্যমে সহজেই সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে।
তবে যারা এখনো রিটার্ন জমা দেননি এবং জরিমানা ছাড়া সময় বাড়াতে চান, তাদের অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে এনবিআর।