
নিউজ প্রবাসী ডেক্স :
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দিপালী আক্তার নামে এক বাংলাদেশি নারী, যিনি প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে দেশ ছেড়েছিলেন।
নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বাসিন্দা। জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।
বৈরুত-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস শুক্রবার এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। একই হামলায় দিপালীর কর্মস্থলের নিয়োগকর্তা ও তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে গৃহকর্মীর কাজ নিয়ে লেবানন যান দিপালী। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমানো এই নারীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে তার মরদেহ বৈরুতের একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং মরদেহ দেশে আনতে সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।