নিউজ প্রবাসী বার্তা কক্ষ :যশোরের শার্শা উপজেলায় মাটির নিচে লুকিয়ে রাখা একটি বিস্ফোরক দ্রব্য ফেটে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুন্ডা দক্ষিণপাড়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং মৃত নুজ্জাক মিয়ার ছেলে আব্দুল কাদের (৬০)। চিকিৎসকরা জানিয়েছেন, জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকেই যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রবাসী জাকিরের বাড়ির ভিটায় বাথরুমের হাউজ নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন ওই দুই শ্রমিক। কাচারি পুকুরপাড় সংলগ্ন এলাকায় প্রায় দেড় ফুট গভীরে কোদাল দিয়ে খোঁচা দিতেই হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং দুই শ্রমিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে কেউ আগে থেকেই মাটির নিচে বিস্ফোরকটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় আরও কোনো বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts