
নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন খননকৃত শ্রীকাইল-৫ গ্যাস কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সরকার দেশীয় গ্যাসসম্পদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমরা নিজস্ব সম্পদ থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চাই। এতে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন সহজ হবে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স কূপটি খনন করেছে। এখান থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে কূপটির খনন কাজ সম্পন্ন হয়। কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে চালু করতে বিলম্ব হলেও পরে তা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, কূপটিতে আনুমানিক প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে, যার মধ্যে প্রায় ২৮ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কূপ থেকে অন্তত ১০ বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই গ্যাস সরবরাহ শিল্পকারখানা, সার উৎপাদন এবং বিদ্যুৎ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সময়ে দেশে গ্যাসের চাহিদা বাড়লেও অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বেড়েছিল। নতুন এই কূপ চালু হওয়ায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।