
নিউজ প্রবাসী ডেক্স :
সিলেট নগরীতে একের পর এক ছিনতাই ও চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এখন দিনে-দুপুরেও প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে টাকা, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে, যা নগরবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আতঙ্ক আরও বেড়ে যায়। বিশেষ করে নিরিবিলি সড়ক ও গলিতে চলাফেরা করতে মানুষ এখন ভয় পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই মাসে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও সবগুলো থানায় অভিযোগ করা হয়নি। তবে পুলিশের তথ্যমতে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে অন্তত ৪৭টি মামলা হয়েছে।
ভুক্তভোগীদের অভিজ্ঞতা আরও উদ্বেগজনক। কেউ কেউ জানিয়েছেন, অটোরিকশায় ওঠার পরই পরিকল্পিতভাবে ছিনতাই করা হচ্ছে, এমনকি শিশুকে জিম্মি করেও টাকা নেওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে বৈঠক ও নির্দেশনা দেওয়া হলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরজুড়ে চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং চিহ্নিত ছিনতাইকারীদের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তবে সাধারণ মানুষের প্রশ্ন—এই পদক্ষেপগুলো কি সত্যিই ছিনতাই কমাতে পারবে, নাকি আতঙ্ক আরও বাড়বে?