
নিউজ প্রবাসী ডেক্স :
ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান-কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ।
রোববার অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, এমডি নিজেই ছুটির আবেদন করেছিলেন এবং তাকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।
পর্ষদের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে ওমর ফারুক খানের। সেখানে তিনি পারিবারিক একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি চিকিৎসাও নেবেন।
এমডির অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন-কে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ছুটি শেষে তিনি আবার দায়িত্বে ফিরবেন কি না—এ বিষয়ে পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি, যা নিয়ে ব্যাংকিং অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ওমর ফারুক খান-কে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দীর্ঘ ৩৭ বছর ব্যাংকিং খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।