
নিউজ প্রবাসী ডেক্স :
ইসরায়েল দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি এক হামলায় নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দেওয়ার পেছনে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।
খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিকটবর্তী বন্দর আব্বাস এলাকায় এ হামলা ঘটে। এতে তাংসিরির পাশাপাশি ইরানের নৌবাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সাম্প্রতিক সংঘাতের জেরে কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান। নির্দিষ্ট কিছু দেশের জাহাজ ছাড়া অন্যদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, তাংসিরির মৃত্যু নিশ্চিত হলে তা ইরানের নৌবাহিনীর কমান্ড কাঠামোয় সাময়িক প্রভাব ফেলতে পারে। তবে দেশটির বহুমাত্রিক নেতৃত্ব ব্যবস্থার কারণে দীর্ঘমেয়াদে বড় ধরনের ভাঙন দেখা দেওয়ার সম্ভাবনা কম।
উল্লেখ্য, ২০১৮ সালে আইআরজিসির নৌ কমান্ডার হিসেবে দায়িত্ব নেন তাংসিরি। এর আগে উপ-কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও সামুদ্রিক কৌশল নির্ধারণে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তাংসিরির অনুপস্থিতিতে নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থানও নিতে পারে।