
নিউজ প্রবাসী ডেক্স :
আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্মুক্ত রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারছে এবং তাদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি।
তিনি বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক জাহাজ বর্তমানে এই পথ এড়িয়ে চলছে, তবে এতে ইরানের কোনো বাধা নেই। আরাকচির দাবি, এখনও অনেক তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ নিয়মিতভাবে হরমুজ প্রণালি অতিক্রম করছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ইরানের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র প্রণালিটি নিরাপদ ও উন্মুক্ত রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বিবেচনা করছে।
তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, এসব দেশও প্রণালিতে নিজেদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে বলে তিনি আশা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের জবাবে আরাকচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ইরানের রাষ্ট্রব্যবস্থা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। রাষ্ট্রের কাঠামো এতটাই শক্তিশালী যে কোনো পরিস্থিতিতেই তা কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।
পরমাণু কর্মসূচি প্রসঙ্গে আরাকচি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভুল বোঝাবুঝি হয়েছে। তার দাবি, মার্কিন প্রতিনিধিরা তার বক্তব্য সঠিকভাবে বুঝতে পারেননি।
তিনি আশা প্রকাশ করেন, আলোচনার প্রকৃত বিষয়বস্তু একসময় প্রকাশ পেলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।