নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীতে হামের প্রকোপ বাড়তে থাকায় চরম চাপের মুখে পড়েছে হাসপাতালগুলো। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য হাসপাতাল নতুন করে হামের রোগী ভর্তি প্রায় বন্ধ করে দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সিটের তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় আর নতুন রোগী নেওয়ার সুযোগ নেই। ফলে প্রতিদিনই অসুস্থ শিশু নিয়ে হাসপাতালে এসে ফিরে যেতে হচ্ছে অনেক অভিভাবককে।
শিশু হাসপাতালের একটি ওয়ার্ডে ৫৪টি সিট থাকলেও সেখানে ভর্তি রয়েছে ৬৪ জন রোগী। একইভাবে আজিমপুর মাতৃসদনেও সীমিত পরিসরে মাত্র কয়েকটি সিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অনেক অভিভাবক বাধ্য হয়ে মেঝেতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
রোগীর স্বজনদের অভিযোগ, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেও কোথাও সিট পাওয়া যাচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে। একজন আক্রান্ত শিশুর মাধ্যমে অন্যরা সহজেই আক্রান্ত হচ্ছে। তাই সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন—পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts