
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন সরাসরি হামে আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৯৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬০ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৭৮৭ জন, যাদের মধ্যে ৪৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ, এরপরেই রয়েছে ঢাকা বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।