
নিউজ প্রবাসী ডেক্স :
ওমানে গাড়ির ভেতরে চার প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ হিসেবে কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধের বিষয়টি সামনে এসেছে। দেশটির রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, চালু থাকা গাড়ির এক্সজস্ট পাইপ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত চারজন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বাসিন্দা এবং তারা আপন চার ভাই। তারা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে বসবাস করছিলেন তারা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কেনাকাটা শেষে ফেরার পথে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতদের ছোট ভাই মো. এনাম জানান, দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল ১৫ মে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্ন থাকলেও সেই আশা আর পূরণ হলো না।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। একই সঙ্গে আবদ্ধ অবস্থায় গাড়ির ভেতরে না ঘুমানো এবং চালু গাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।