★নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সেখানে আটকা পড়েছেন অন্তত ৫০০ পর্যটক। একই সঙ্গে দীঘিনালা উপজেলায় প্রায় আট হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
প্রশাসন জানায়, চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালা-কবাখালী, বাঘাইহাট, মাচালং ও সীমানাছড়া এলাকার বিভিন্ন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি থেকে সাজেকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বৃষ্টি না হলে বিকেলের দিকে পানি কমে পর্যটকদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে। তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, মাচালং এলাকায় এখনো প্রায় সাত ফুট পানি রয়েছে। তাই যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। বর্তমানে অন্তত ৫০০ পর্যটক সাজেকে আটকা রয়েছেন।
বন্যায় দীঘিনালার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় আট হাজার মানুষ পানিবন্দি এবং ২০টি আশ্রয়কেন্দ্রে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।