নিউজ প্রবাসী ডেক্স :

২০ জুন: একাধিক প্রতারণা মামলার আসামি এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে একটি বাসার বাথরুমের পেছনে নির্মিত গোপন কক্ষ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতারণা, চেক জালিয়াতি এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা হয়েছে। গত কয়েক মাস ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
গুলশান থানার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে সংশ্লিষ্ট বাসাটি নজরদারিতে রাখা হয়। শনিবার সকালে তল্লাশি চালিয়ে বাথরুমের ফলস সিলিংয়ের মধ্যে তৈরি বিশেষ গোপন স্থানে লুকিয়ে থাকা অবস্থায় মামুনকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মামুন নিজেকে ‘বিটিএল গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করতেন। তার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। কোরবানির ঈদের আগে একটি খামার থেকে গরু কিনে দেওয়া চেকের টাকা পরিশোধ না করায় সর্বশেষ তার বিরুদ্ধে নতুন অভিযোগ ওঠে।
পুলিশ জানিয়েছে, রোববার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মামুনের প্রতারণার নেটওয়ার্ক ও সহযোগীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts