
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’-এর নামফলক টাঙানোকে কেন্দ্র করে সাময়িক বরখাস্ত করা হয়েছে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সরকারি প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হলেও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে সরকারি স্থাপনায় মহিষের নামফলক প্রদর্শন করাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিষয়কে কেন্দ্র করে সরকারি প্রতিষ্ঠানে এমন নামফলক প্রদর্শন প্রশাসনিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এমনকি নামের বানান নিয়েও আপত্তি উঠেছিল বলে জানা গেছে।
ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে আলোচনায় আসে বিরল অ্যালবিনো প্রজাতির মহিষটি। গোলাপি আভাযুক্ত শরীর, মুখাবয়ব ও চুলের গঠনের কারণে খামার কর্তৃপক্ষ তার নাম দেয় ‘ডনাল্ড ট্রাম্প’। পরে কোরবানির জন্য বিক্রি করা হলেও ব্যাপক আলোচনার জেরে শেষ পর্যন্ত মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়।
বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানার ‘এল-০৭’ ব্লকে রাখা মহিষটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। ঈদের ছুটিতে প্রাণীটিকে দেখতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।