
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের কর্মকাণ্ডে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্য প্রার্থী, প্রার্থীর এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপহার কিংবা কোনো ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন না। একই সঙ্গে প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠ আলাপচারিতা কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ প্রকাশ করাও নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না। কোনো ভোটারকে প্রভাবিত করা বা রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মিছিল, সভা কিংবা কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না। দায়িত্ব পালনকালে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত মতামত প্রকাশ, হুমকি, গালিগালাজ কিংবা অবমাননাকর আচরণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা, দায়িত্বকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার এবং ভোটগ্রহণের দিনে ব্যক্তিগত ফোনালাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও অফিসিয়াল অনুরোধ ছাড়া কারও কাছে পাঠানো যাবে না। ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের আলোচনা বা অনুমান করাও নিষিদ্ধ।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, ফুটপাত বা টং দোকানে বসা, প্রকাশ্যে খাবার খাওয়া এবং অশোভন পোশাক পরিধান থেকেও পুলিশ সদস্যদের বিরত থাকতে হবে।
এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।