নিউজ প্রবাসী ডেক্স :

গোপালগঞ্জ-এর চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৯১টি চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৭ জন, ফলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ রোগী সেবা নেন। এখানে মাত্র ১০ টাকার টিকিটে চোখের চিকিৎসা, এমনকি ছানিসহ কিছু অপারেশন বিনামূল্যেও করা হয়। প্রতি সপ্তাহে অন্তত ৭৫টি অপারেশন হলেও চিকিৎসকের অভাবে নির্ধারিত সময় পেতে অনেক দেরি হচ্ছে।
রোগীরা জানান, সাধারণ চিকিৎসা দ্রুত পাওয়া গেলেও অপারেশনের ক্ষেত্রে একাধিকবার হাসপাতালে আসতে হচ্ছে। অনেকেই দীর্ঘ সিরিয়াল ও অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের কষ্ট আরও বেশি।
তবে কম খরচে উন্নত চিকিৎসা পাওয়ায় অনেক রোগী সন্তুষ্টিও প্রকাশ করেছেন। হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ ও পরীক্ষার সুবিধা পাওয়ায় নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সংকট ছাড়াও কিছু যন্ত্রপাতি আপডেট ও নতুন সংযোজন প্রয়োজন। এসব সমস্যা সমাধান হলে এখান থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত জনবল সংকট দূর হলে গোপালগঞ্জের এই হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts