নিউজ প্রবাসী ডেক্স :

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ও ইন্টারপোলের মাধ্যমে আইনি ও কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি র‍্যাবের মহাপরিচালক এবং পরবর্তীতে আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে সংঘটিত একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, চলমান মামলাগুলোর মধ্যে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগের পাশাপাশি শাপলা চত্বর ও চট্টগ্রামের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনাও রয়েছে। তদন্তে এসব ঘটনার সঙ্গে বেনজীরের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
প্রধান কৌঁসুলি আরও জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কপি ইতোমধ্যে এনসিবির কাছে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, যাতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ব্রিফিংয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম ও সাবেক আইজিপি বাহারুল ইসলামও উপস্থিত ছিলেন। তারা প্রত্যর্পণ প্রক্রিয়ার বিভিন্ন আইনি দিক নিয়ে বক্তব্য দেন।
রাষ্ট্রপক্ষের আশা, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts