নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে ‘ইনার সার্কুলার রিং রোড’ এবং রাজধানী ঘিরে বৃত্তাকার নৌপথ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কীভাবে রাজধানীর যানজট কমানো সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোডের বিভিন্ন অংশের মধ্যে রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় নির্মাণকাজ চলছে এবং এ পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর অভ্যন্তরীণ সড়কে প্রবেশ না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যাবে। পাশাপাশি সিলেট, মাওয়া ও চট্টগ্রামমুখী যানবাহনও ঢাকা শহরে প্রবেশ না করেই গন্তব্যে যেতে পারবে, ফলে নগরীর যানবাহনের চাপ ও যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে রাজধানীকে ঘিরে প্রায় ১১০ কিলোমিটার নৌপথ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা জানান, বিদ্যুচ্চালিত নৌযান চালুর মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও দ্রুতগতির একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts