নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হওয়া গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম নতুন সরকারও ধারাবাহিকভাবে এগিয়ে নেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বিচার বিভাগ, বাণিজ্য আদালত এবং অভিবাসী ব্যবস্থাপনার মতো খাতে যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো যেন থেমে না যায়—এটাই ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা। তাঁর ভাষায়, এসব সংস্কার ইইউ–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাইকেল মিলার আরও বলেন, “নতুন সরকারের সঙ্গে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা দেখতে চাই। বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার, বড় বাণিজ্য অংশীদার এবং উন্নয়ন সহযোগী।”
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা ও অভিবাসন—এমন নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান তিনি। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পর ইউরোপীয় বাজারে বাণিজ্য সুবিধা এবং শ্রম অধিকার ইস্যুও আলোচনায় আসে।
এ সময় ইইউ–বাংলাদেশ অংশীদারত্ব সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়েও কথা হয়। মাইকেল মিলার জানান, চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অদূর ভবিষ্যতে তা স্বাক্ষরের ব্যাপারে তারা আশাবাদী।
এর আগে একই দিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts