
নিউজ প্রবসী ডেক্স:
ঢাকার বহুল আলোচিত ঘটনায় দেড় মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়ে কারাগারে যাওয়া যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিশেষ করে নবজাতক শিশুকে সঙ্গে নিয়ে কারাগারে যাওয়ার ঘটনাটি মানবিক দৃষ্টিকোণ থেকে সমালোচনার জন্ম দেয়।
পরে সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদন করা হলে আদালত মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর বুধবার তিনি কারামুক্ত হন।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন শিল্পী বেগম। এছাড়া দুর্ঘটনায় তার হাত ভেঙে যাওয়ায় শিশুকে ঠিকভাবে দেখভাল করাও কঠিন হয়ে পড়েছিল।
এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, যা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, ২০২৪ সালের একটি সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলায় অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় এক শিক্ষার্থী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন।